বিস্ফোরণে নিহত মাদ্রাসাছাত্র হাবিবের স্বজন মেলেনি
হেফাজত নেতা মুফতি ইজাহারের মাদ্রাসায় বিস্ফোরণে নিহত হাবিবের লাশের দাবিদার পাওয়া যায়নি।
মৃত্যুর পর কেউ লাশ গ্রহণ না করায় শনিবার তার লাশটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়।
আঞ্জুমানে মফিদুল ইসলামের উপ-পরিচালক আবদুল মোমেন জানান, দুপুরে নগরীর স্টেশন রোডে ‘চৈতন্য গলি বাইশ মহল্লা’ কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গের তত্ত্বাবধায়ক সুধাংশ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারদিন পরও হাবিবের লাশ স্বজনরা গ্রহণ না করায় তা দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেয়া হয়েছে।”
বুধবার মারা যাওয়া মাদ্রাসার অপর ছাত্র জোবায়েরের লাশ ময়নাতদন্তের পর ওইদিনই তার পরিবারের সদস্যরা নিয়ে যান।
হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসাটি লালখান বাজার মাদ্রাসা নামে পরিচিত।
সোমবার সকালে মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে কমপক্ষে পাঁচ জন আহত হয়।
গ্রেনেড তৈরির সময় এ বিস্ফোরণ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে সোমবার মধ্যরাতে মো. হাবিব (২৫) এবং বুধবার সকালে জোবায়ের হোসেন (২৩) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বিস্ফোরণের পর নগরীর হালিশহর জেনারেল হাসপাতাল ও সার্জিস্কোপ হাসপাতাল নামে দুটি হাসপাতাল থেকে হাবিব, জোবায়ের, নুরন্নবী ও সালমান নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বশেষ গত বৃহস্পতিবার সকালে ঢাকা যাওয়ার পথে নগরীর সিটি গেইট এলাকা থেকে সাখাওয়াত হোসেন ওরফে সাহাবুদ্দিন (১৯) নামে আহত আরেক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
