ঝিনাইদহে আহত ‘যুবলীগ’ কর্মীর মৃত্যু
ঝিনাইদহে যুবলীগের দুই পক্ষের দ্বন্দ্বে আহত পৌর যুবলীগের এক কর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
শনিবার ভোরে ঝিনাইদহ শহরের পবহাটির জহর আলির ছেলে পিন্টু (৩০)মারা যান বলে জানায় পুলিশ।
স্থানীয়দের উদ্ধৃত করে ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্টের সামনে অর্থ লেনদেন নিয়ে বাদশা গ্রুপের সঙ্গে সোহরাব গ্রুপের কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে প্রতিপক্ষরা বাদশা গ্রুপের সমর্থক পিন্টুর পেটে ছুড়ি মারে এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়।
২০১০ সালে ৩০ ডিসেম্বর পবহাটিতে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩জন নিহত হওয়ার ঘটনার মামলায় নিহত পিন্টু অভিযুক্ত আসামি ছিলেন বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি নাসের আলম সিদ্দিকী উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত পিন্টু আগে যুবলীগে সক্রিয় ছিল। এখন সে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।”
