রিফাতের হত্যাকারীদের ফাঁসির দাবি
মুক্তিপণের জন্য ঢাকায় বন্ধুর হাতে খুন হওয়া আহমদ রেজা রিফাতের হত্যাকারীদের ফাঁসি চেয়ে কক্সবাজারে মানববন্ধন ও মৌনমিছিল হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী খেলার মাঠে নামাজে জানাজার আগে স্থানীয়রা এ দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করে।
কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কৈলাশ্যাঘোনা গ্রামের রমিজ আহমদের ছেলে রিফাত ঢাকায় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের নবম সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি।
গত মঙ্গলবার রিফাতকে আটকে রেখে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মাসুদ রানা সুমন। রিফাতের বাবা কক্সবাজার থেকে ঢাকায় এসে পুলিশ ও র্যাবকে ঘটনাটি জানালে শুক্রবার রিফাতের বন্ধু সুমনসহ দুজন ধরা পড়ে।
গ্রেপ্তারকৃত সুমন (২৫) ও লিঙ্কন সরকারের (২৩) দেয়া তথ্যের ভিত্তিতে রিফাতের লাশ উদ্ধার হয়।
শনিবার জানাজা শেষে রিফাতের মরদেহ কক্সবাজারে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
