হাসপাতাল ঘিরে পশুর হাট, ভোগান্তি
কোরবানী ঈদের আর চারদিন বাকি। এরই মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে পশুর হাট। রাজধানীর আরমানিটোলা খেলার মাঠ এরই একটি, যেখান থেকে মিটফোর্ড হাসপাতালের দূরত্ব মাত্র দুইশ গজ। হাসপাতালের পাশে পশুর হাট বসায় ক্রেতা সমাগমে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
তাদের প্রশ্ন- পশুর হাটের মধ্য দিয়ে যেখানে স্বাভাবিক মানুষের পক্ষে চলাচল করা কঠিন সেখানে রোগীর আসা-যাওয়া কীভাবে সম্ভব?
আরমানিটোলা খেলার মাঠে গরুর হাটের ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু মাঠ ছাড়িয়ে তা পৌঁছে গেছে আশপাশের সরু রাস্তা, তাঁতীবাজার, নয়াবাজার, ইংলিশ রোড ও বংশাল রোড সরগরম হয়ে উঠেছে পশু এবং ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে।
গত মঙ্গলবার থেকে হাসপাতালের দক্ষিণে বুড়িগঙ্গা তীরে পশু জড়ো করা শুরু হয়। পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে মিটফোর্ড হাসপাতালের পশ্চিম, উত্তর ও পূর্ব পাশে। পশুর চাপে রোগীদের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে হাসপাতালের সংলগ্ন সড়ক।
শুক্রবার হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, জরুরি সেবা নিতে আসা রোগীদের হাসপাতালে ঢুকতে হিমশিম খেতে হচ্ছে।
এদেরই একজন কেরানীগঞ্জের বিল্লাল হোসেন। সন্তানসম্ভবা স্ত্রী সাহিনা বেগমকে (২৮) নিয়ে মিটফোর্ড হাসপাতালে এসেছেন তিনি।
ক্ষোভের সঙ্গে বিল্লাল বলেন, “গরুর হাট হলো মাঠে। কিন্তু মিটফোর্ডসহ আশপাশের এলাকায় গরুতে সয়লাব হয়ে গেছে।”
তিনি বলেন, এ পরিস্থিতিতে সুস্থ মানুষের পক্ষেও হাসপাতালে ঢোকা কঠিন। আর রোগী নিয়ে আসা অনেক কষ্টের। রাস্তার দুই পাশে গরু-এর মাঝ দিয়ে হাঁটা অনেক ঝুঁকিরও।
বিল্লালের মতো আয়েশার স্বামী আলমাছ, কাজলের স্বামী খাদিমুল ইসলামও একই অভিযোগ করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক সহদেব রাজবংশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে যে কয়জন রোগী এসেছেন তাদের সবার স্বজনরা রাস্তায় গরু থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই দিন ধরে এই সমস্যা হচ্ছে। আমি বিষয়টি বারবার স্থানীয় সংসদ সদস্য ও পুলিশকে জানাচ্ছি।”
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, এবার গরুর হাটের জন্য ১০টি জায়গা ইজারা দিয়েছেন তারা। রাস্তায় যাতে গরু রাখা না হয় সেজন্য তিনটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। শিগগিরই হাসপাতালের চারদিক থেকে পশু সরানোর ব্যবস্থা নেয়া হবে।
ইজারার হিসেব অনুযায়ী শনিবার থেকে গরুর হাট শুরু হওয়ার কথা থাকলেও আরমানিটোলা মাঠ ও আশপাশের রাস্তায় গত মঙ্গলবার থেকে ব্যবসায়ীরা পশু নিয়ে আসতে শুরু করেছেন।
দুপুরে ওই এলাকায় গিয়ে দেখা যায়, গরুতে আরমানিটোলা মাঠ কানায় কানায় পূর্ণ। পাশের বাবু বাজার, মিটফোর্ড রোড, ফ্রেঞ্চ রোড, নয়াবাজার, তাঁতীবাজার, ইংলিশ রোড ও আশপাশের রাস্তাগুলোও গরুতে ভরে গেছে।
অহিউল্লাহ সড়কের বাসিন্দা আবু মাসুদ বলেন, গরুর হাটের কারণে বাসায় থাকতেও কষ্ট হচ্ছে।
“দিনরাত গোবর ও গরুর উৎকট গন্ধ আসছে। আর রাস্তার দুই পাশের গরুর কারণে বাসা থেকে বেরও হওয়া যায় না।”
তাঁতীবাজার প্রধান সড়কের মাঝে খুঁটি বসিয়ে গরু বেঁধে রাখতে দেখা যায়।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি শাহ আলম বলেন, রাস্তার মধ্যে কোনো খুঁটি বসানো যাবে না। গরুগুলো সরিয়ে নিতে আধা ঘণ্টা সময় দেয়া হয়েছে।
