'সংলাপের সুযোগ শেষ হয়নি'
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিরোধীদলের সঙ্গে সরকারি দলের সংলাপের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, এখনও প্রধানমন্ত্রী সংলাপের আমন্ত্রণ প্রত্যাহার করেননি। কাজেই সংলাপের সুযোগ রয়েছে।
সাংবিধানিক পদ্ধতিতে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার কথা মাথায় রেখে জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
২৪ অক্টোবর কোনো বিশেষ দিন নয় উল্লেখ করে দীপু মণি বলেন, “২৫ জানুয়ারি পর্যন্ত আমাদের সংসদের মেয়াদ। তার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সেই পূর্ববর্তী ৯০ দিনটি শুরু হচ্ছে ২৪ অক্টোবর, এটুকুই। এর আর কোনো গুরুত্ব নেই।”
সবদলকে সঙ্গে নিয়েই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাও প্রকাশ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার তার নির্বাচনী এলাকা চাঁদপুরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
