২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশরেফা মিশুকে লাঞ্ছনার অভিযোগ

গাজীপুরের আসওয়াদ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানা এলাকায় সমাবেশ করতে গিয়ে শ্রমিক নেতা মোশরেফা মিশু লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 08:39 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশুসহ অন্য নেতারা।

এর প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

সম্মেলনে মিশু জানান, শ্রীপুরে পলওয়েল গ্রুপের সওয়াদ কম্পোজিট পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় এবং জীবিত শ্রমিকদের বেতন-বোনাস প্রদানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শুরুর আগে কারখানার মালিক পক্ষের ভাড়াটে মাস্তানরা পুলিশের উপস্থিতিতে সমাবেশ পণ্ড করে দেয় এবং তাদের লাঞ্চিত, হামলা ও গালিগালাজ করে বলে দাবি করেন তারা।

এক পর্যায়ে তারা কারখানা এলাকা থেকে এক কিলোমিটার দূরে সলিং মোড়ে এসে সমাবেশ করতে চাইলেও তাদের বাধা দেয়ার দাবিও করা হয়।

এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক রফিকুল ইসলাম পথিক, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, গার্মেন্ট শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা মাহবুবুর রহমানসহ অন্যরা।

এদিকে শ্রীপুর থানার ওসি আমির হোসেন বলেন, “অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড অভিহিত করে সমাবেশ করতে চাইলে শ্রমিকরা তা প্রতিহত করে।”

তিনি দাবি করেন সেখানে পুলিশ না থাকলে আরো কোন দুর্ঘটনা ঘটতে পারতো।

মিশুকে নিরাপত্তা দিয়ে পুলিশ গাড়িতে তুলে দেয় বলে জানান তিনি।

গত মঙ্গলবার বিকেলে পলমল গ্রুপের এ কারখানায অগ্নিকাণ্ডে সাত শ্রমিক নিহত হন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বেতন-বোনাস দেয়া শুরু হয়েছে।