২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফের দুর্নীতি: ১ বছর সাজা বহাল

দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফের এক বছরের সাজা বহাল রেখেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 07:07 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বিচারপতি আবু বকর সিদ্দিকীর একক বেঞ্চ বৃহস্পতিবার মোশাররফের আপিল নিষ্পত্তি করে এ রায় দিয়েছেন।

একই সঙ্গে ছয় লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডও বহাল রাখা হয়েছে।

আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন মোহাম্মদ শাহ আলম। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বলেন, “তিনি যতদিন কারাভোগ করেছেন হাইকোর্ট ততদিন বহাল রেখেছেন। ফলে তাকে আর সাজা ভোগ করতে হবে না।”

খুরশীদ আলম খান বলেন, “মোশাররফের এক বছরের সাজা বহাল রাখা হয়েছে। এছাড়া ছয় লাখ টাকা জরিমানার আদেশও বহাল রয়েছে।”

১৯৯২ সালে নিম্ন আদালত তাকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয়। রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় এসেছে।

১৯৯১ সালের ২৯  জানুয়ারি ঢাকা জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এম এ মান্নান বাদী হয়ে মতিঝিল থানায় মামলাটি করেন।

মামলায় ১৯৮৮ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিসিআইসি’র চেয়ারম্যান এবং শিল্প সচিব থাকাকালে মোশাররফ হোসেন ভ্রমণ ভাতাসহ বিভিন্ন খাতে পাঁচ লাখ ৬৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বিশেষ ট্রাইবুনাল ১৯৯২ সালের ২ জুলাই এ মামলায় রায় দেন। রায়ে তাকে তিন বছরের কারাদণ্ড এবং ৬ লাখ টাকা জরিমানা করা হয়। মামলা দায়েরের পর পরই মোশাররফকে কারাগারে যেতে হয়। এক বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।