হামলার অভিযোগ থেকে বিচ্ছু জালালকে অব্যাহতি
যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবীর ওপর হামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রসিকিউশনের সাক্ষী মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালাল।
গত ৫ সেপ্টেম্বর বিচ্ছু জালালের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবীরের ওপর হামলার অভিযোগের তদন্ত প্রতিবেদন হাতে পায় ট্রাইবুনাল।
ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই জালালকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহীনুর ইসলাম বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, মুখ্য মহানগর হাকিমের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে মুন্সী আহসান কবীর যেমন অভিযোগ করেছেন তেমন কোনো ঘটনা ঘটেনি। তাই অভিযুক্ত জহিরউদ্দিন জালালের ওই ঘটনাতে জড়িত থাকার কোনো সুযোগ নেই।
এ সময় ট্রাইব্যুনালে জহির উদ্দিন জালাল উপস্থিত ছিলেন।
হামলার অভিযোগে এর আগে গত ২১ জুলাই জহিরউদ্দিন জালালকে সতর্ক করা হয়। পরে জহির উদ্দিন জালাল ওই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেন।
গত ২৭ মে জামায়াত নেতা মুজাহিদের আইনজীবী মুন্সী আহসান কবির তার উপর বিচ্ছু জালাল হামলা চালিয়েছে বলে ট্রাইবুনালে অভিযোগ করেন।
এরপর গত ২৮ মে বিচ্ছু জালালের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দশার্নোর নোটিস জারি ৫ জুন তাকে সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যার আদেশ দেয় ট্রাইবুনাল।
গত বছরের ২০ সেপ্টেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী হিসেবে বিচ্ছু জালাল সাক্ষ্য দেন। সাক্ষ্য দেয়া শেষে তাকে জেরা করেন মুন্সী আহসান কবির।
