২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ফাঁসের আসামি নয়নের স্বীকারোক্তি

সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলার আসামি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 06:04 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভুঁইয়া বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নয়নের জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

গ্রেপ্তারের পর গত ৫ অক্টোবর আদালতের অনুমতি নিয়ে নয়নকে জিজ্ঞাসাবাদে আট দিনের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। ওই সময়সীমা পেরুনোর আগেই ট্রাইব্যুনালের এই কর্মচারীকে আদালতে নেয়া হয়।

ওই আদালতে সংশ্লিষ্ট পুলিশে উপপরির্শক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয়ন তার অপরাধ স্বীকার করে এ জবানবন্দি দিয়েছেন।”

গত ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ আদালত-১ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়।

কিন্তু রায় ঘোষণার আগেই তা ইন্টারনেটে আসে বলে দাবি করেন দণ্ডিতের পরিবার। এরপর ট্রাইব্যুনাল শাহবাগ থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরিতে বলে, রায়ের খসড়ার অংশবিশেষ ফাঁস হয়েছে।  

২ অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাধারণ ডায়েরি করার পর তার ভিত্তিতে রায়ের খসড়ার অংশবিশেষ ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে নয়নসহ তিনজনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।

ওই মামলায় গত ৫ অক্টোবর নয়নের সঙ্গে গ্রেপ্তার অন্য আসামি ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের হেফাজতে পাঠায় আদালত। ফারুক বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

এই মামলার তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শাহজাহান।

পুরনো খবর:

‘অর্থের লোভ দেখিয়ে খসড়া রায় ফাঁস’