শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে পরোয়ানা
নিলামে গাড়ি বিক্রিতে দুর্নীতির মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক কমিশনার শাহাবুদ্দীন নাগরীসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান এ পরোয়ানা জারি করেন।
এদের মধ্যে নাগরীসহ ১১ জন শুল্কবিভাগের কর্মকর্তা-কর্মচারী। বাকি দুজন দুটি প্রতিষ্ঠানের মালিক।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগ আমলে নিয়ে বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। তাদের পাওয়া না গেলে মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে।
শাহাবুদ্দীন নাগরী ছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ সাজেদুল হক, সাবেক প্রিভেনটিভ অফিসার মো. বাহারুল আলম, বর্তমান এপ্রেইজার আবুল হাশিম প্রধান, সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার মো. আবু হায়দার, এসপিএস (নিলাম) এ কে এম ফজলুল হক, সাবেক এসপিএ (নিলাম) প্রভাস চন্দ্র তরফদার, সাবেক অফিস সহকারী কাজল নন্দি, সাবেক এপ্রেইজার এন কে বড়–য়া, সাবেক প্রিন্সিপাল এপ্রেইজার মো. আমিনুল ইসলাম ও সাবেক অতিরিক্ত কমিশনার মাশুক আল হোসাইন এবং ডলফিন বাংলাদেশের মালিক মো. রুহুল আমিন এবং মেসার্স টেন স্টার করপোরেশনের অন্যতম মালিক মো. ইমরানের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।
কবি ও গীতিকার হিসেবে পরিচিত শাহাবুদ্দীন নাগরী ২০০৯ সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গাড়ির নিলামে এই দুর্নীতি হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
ফাইল ছবি
মামলায় বলা হয়, হাসান আলী ২০০৯ সালের ২৫ জুন নিলামে জাপানে তৈরি একটি গাড়ি ৫ লাখ ৫২ হাজার টাকায় কেনেন। কিন্তু গাড়ি ছাড় করার সময় এক লাখ টাকা ঘুষ দাবি করা হয়। পরে ওই গাড়ি নির্ধারিত দামের দুই লাখ টাকা কমে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
গত ১২ সেপ্টেম্বর মামলায় আদালতে এই ১৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন দুদকের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন।
