অগ্নিকাণ্ডে ‘বিস্মিত’ আসওয়াদ কারখানার মালিক
গাজীপুরের আসওয়াদ কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা থাকতা পারে বলে সন্দেহ করছে এর মালিক পক্ষ।
মঙ্গলবার রাতে শ্রীপুরে পলমল গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক-কর্মকর্তাসহ সাতজন নিহত হন।
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে আগুনে শতাধিক শ্রমিকের মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে অসন্তোষের মধ্যে শ্রীপুরে এই তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটল।
এর আগে তাজরীনসহ প্রায় সব তৈরি পোশাক কারখানায় আগুন লাগার পর মালিক পক্ষ শুরুতেই নাশকতার দাবি করেছে। আসওয়াদের মালিক পক্ষও একই সন্দেহের ইঙ্গিত দিল।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আসওয়াদ কারখানার ব্যবস্থাপনা পরিচালক নাফিস শিকদার বলেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার পরও ১৫ মিনিটের মধ্যে আড়াই লাখ বর্গফুটজুড়ে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় তারা ‘বিস্মিত’।
কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে পোশাক শিল্প মালিকদের সংগঠনের সভাপতি আতিকুল ইসলামও ছিলেন।
পলমল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ করীম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম পারভেজ, সফিউল ইসলাম মহিউদ্দিনও সংবাদ সম্মেলনে ছিলাম।
নিজের কারখানাকে সম্পূর্ণ ‘কমপ্লায়েন্স’ দাবি করে নাফিস শিকদার বলেন, “আমরা ধারণা করি, কাপড় শুকানোর জন্য যে চিমনী ব্যবহার করা হয়, তা থেকে অগ্নিকাণ্ডের সূতপাত হতে পারে।
“তবে ১৫ মিনিটের মধ্যে এত বিশাল পরিসরে আগুন ছড়িয়ে পড়ার বিষয়টি স্বাভাবিক নয়। সম্পূর্ণ কমপ্লায়েন্স কারখানা এবং সর্বাধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বে এভাবে আগুন লাগায় আমরা বিস্মিত।”
তবে এই মূহূর্তে সরাসরি কোনো মন্তব্য না করে তদন্তের জন্য অপেক্ষা করছেন বলে জানান নাফিস।
“কেন আগুন লেগেছে বা এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, সে বিষয়ে এই মুহূর্তে আমি কোনো মতামত দিতে পারব না। সরকার, ফায়ার সার্ভিস ও বিজিএমইএ তদন্ত করছে, তারা তদন্ত সাপেক্ষে মতামত দেবে।”
দেশের তৈরি পোশাক নিয়ে বার্ষিক প্রদর্শনী বাটেক্সপোর দুদিন আগে পলমল গ্রুপের কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটল।
এটা বাটেক্সপোয় প্রভাব ফেলবে কি না- প্রশ্ন করা হলে বিজিএমইএ সভাপতি বলেন, “অবশ্যই এর একটি প্রভাব আছে। তবে প্রকৃত তথ্য তুলে ধরার মাধ্যমে আমরা ক্রেতাদের বোঝানোর চেষ্টা করব। আমরা কোনো তথ্য গোপন করব না।”
এই অগ্নিকাণ্ড ক্রেতাদের মধ্যে কী প্রভাব ফেলেছে- জানতে চাইলে আসওয়াদের এমডি বলেন, “আমাদের ক্রেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা আমাদের পাশে আছে। কোনো ক্রেতা ব্যবসা বন্ধ করার মতো নেতিবাচক কিছু বলেনি।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ করে পাবে। এর মধ্যে লাশ হস্তান্তরের সময় ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি সাড়ে ৪ লাখ টাকা পরে দেয়া হবে।
এছাড়া বিজিএমইএর বীমার সুবিধাও নিহতের পরিবার পাবে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা।
