২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াক্কাসের ২ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজতের নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে পল্টন থানার একটি মামলায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 09:30 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আশিকুর রহমান বুধবার এ আদেশ দেন।

গত ৫ মে হেফাজতের মহাসমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায় এ মামলা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার ওসি মাহবুবুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিন রিমান্ডে চেয়েছিলেন।

আসামির আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ ওয়াক্কাসকে রিমান্ডে নেয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন।

জামিন আবেদনে বলা হয়, ওয়াক্কাস এরশাদ সরকারের সময় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি তিন বারের নির্বাচিত জনপ্রতিনিধি। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য তাকে এ সমস্ত মামলার আসামি করা হয়েছে।

এর আগে পৃথক পাঁচ মামলায় ওয়াক্কাসকে পনের দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেয়া হয়।

গত ২ সেপ্টেম্বর ওয়াক্কাসকে মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।