২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় জলদস্যুর গুলিতে জেলে নিহত

ভোলার চরফ্যাশন এলাকায় সাগরে মাছ ধরতে গিয়ে জলসদ্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন একজন। এছাড়া আরেকটি ট্রলার থেকে ১৯ জেলেকে অপহরণ করা হয়েছে।  

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 06:04 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

মঙ্গলবার গভীর রাতে সাগর মোহনার দক্ষিণে শিবচর সিমানায় এসব ঘটনা ঘটে।

নিহত মো: ইকবাল (৩৫) চরফ্যাশনের আব্দুল্লাপুর ইউনিয়নের চরসিবা গ্রামের মহিজল মৃদ্দার ছেলে। 

গুলিবিদ্ধ সিরাজ মাঝিকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরফ্যাশনের মাছের আড়ৎদার মাহাবুবুর রহমান জানান, চরসিবার এই জেলেরা সিরাজ মাঝি ও তোফায়েল মাঝির ২টি ট্রলার নিয়ে মাছ ধরতে কয়েকদিন আগেই সাগরে যান।

ফেরত আসা জেলেদের বরাত দিয়ে তিনি আরো জানান, গভীর রাতে জলদস্যুরা সিরাজের ট্রলারে হামলা চালিয়ে জেলেদের মারধর করে এবং এলোপাথারী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইকবালের। গুলিবিদ্ধ হয় সিরাজ মাঝি। অন্যদিকে তোফায়েল মাঝির ট্রলারসহ সেখানে থাকা ১৯ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় জলদস্যু বাহিনী।

চরফ্যাশন থানার ওসি আবুল বাশার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।