২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলীমের রায়ে অসন্তোষ চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের

যুদ্ধাপরাধের দায়ে বিএনপি সরকারের সাবেক মন্ত্রী আবদুল আলীমকে মৃত্যুদণ্ড না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2013, 05:41 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরপরই বেলা ১টার দিকে চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরে অবস্থান নেয় মঞ্চের স্থানীয় নেতারা।

আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে তারা আলীমের সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসির’ দাবি জানান।  

নেতারা বলেন, গণহত্যা, হত্যা, লুটতরাজের অভিযোগ প্রমাণিত হওয়ার পরও বয়স ও পঙ্গুত্ব বিবেচনায় এই রাজাকার নেতার ফাঁসির রায় না হওয়াটা দুঃখজনক।

রায়ের মধ্য দিয়ে জনগণ ও একাত্তরের শহীদ পরিবারের সদস্যদের আশার প্রতিফলন ঘটেনি বলেও মন্তব্য করেন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চে আসা অনেকে। 

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে আলিমকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

চট্টগ্রামের এই সমাবেশে বক্তব্য রাখেন প্রকৌশলী দেলায়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান, সংগঠক রাশেদ হাসান, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর, সিপিবিনেতা অশোক সাহা, মিলি চৌধুরী, সালমা জাহান মিলি, ছাত্রনেতা কায়সার আলম, আল কাদেরী জয়, আহসান হাবীব প্রমুখ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন নেতারা।