বরিশাল সিটি মেয়র দায়িত্ব নিলেন
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) দায়িত্বভার গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আহসান হাবিব কামাল।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ।
গত ১৫ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শওকত হোসেন হিরনকে প্রায় ১৭ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বিএনপি সমর্থিত এই প্রার্থী।
দায়িত্ব গ্রহণের আগে নতুন মেয়রকে সংবর্ধনা দেন সিটি কর্পোরেশনের কর্তকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব বুঝে নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আহসান হাবিব কামাল।
মতবিনিময়কালে মেয়র কামাল বলেন, ১৪৩ কোটি ১৮ লাখ টাকা দেনা নিয়ে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেছেন।
দেনা যতই থাকুক না কেন নগরীর উন্নয়ন ব্যাহত হবে না বলে জানান তিনি।
এ সময় বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
