চাঁপাইনবাবগঞ্জে আনসারুল্লাহর ৩ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে আটক করেছে র্যাব।
রহনপুর পৌর এলাকায় মঙ্গলবার দুপুরে এ অভিযানে দুইটি সিপিউ, দুইটি মনিটর, ২৬টি সিডি, দুইটি পেন ড্রাইভ ও কিছু জেহাদি বই উদ্ধার করা হয়।
আটকরা হলেন রহনপুর পৌর এলাকার পশু হাসপাতাল কলোনির হাজী সিকান্দার আলীর ছেলে ইব্রাহিম (৩৪), আব্দুর রউফের ছেলে ফারুক হোসেন (৩২) ও আফসার উদ্দীনের ছেলে সাদিকুল ইসলাম (৩০)।
র্যাব জানায়, ইব্রাহিম পল্লী চিকিৎসক, ফারুক গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং সাদিকুল মোবাইল ফোন ব্যবসায়ী।
রাজশাহী র্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর কমান্ডার মেজর সফিকুল ইসলাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে ইব্রাহিমকে তার স্টেশন বাজারের এডভান্স ডেন্টাল কেয়ার থেকে, ফারুককে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এবং সাদিকুল ইসলামকে রহনপুর বাজারে মোবাইল ফোনের দোকান সুরাইয়া টেলিকম থেকে আটক করা হয়।
তিনি জানান, আটকরা এক সময় জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন। জেএমবির শীর্ষ নেতারা আটক হওয়ার পর তারা পলাতক ছিলেন। এখন এলাকায় ফিরে মুহাম্মদ জসিমুদ্দীন রাহমানীর আনসারুল্লাহ বাংলা টিমে যুক্ত হন।
এ বছরের প্রথমদিকে জসিমুদ্দীন রাহমানী রহনপুর এসে সভা করেন। ওই এলাকায় আনসারুল্লাহ বাংলা টিমের নেতৃত্বে ছিলেন ফারুক। তারা প্রতিমাসে নাচোল উপজেলার বেড়াচক এলাকায় বৈঠক করতেন।
র্যাব কর্মকর্তা আরো বলেন, আটকদের জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী র্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। পরে গোমস্তাপুর থানায় সোপর্দ করা হবে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সাদিকুল রহনপুর জামে মসজিদের সাবেক ইমাম ছিলেন। জঙ্গি সংগঠনে যুক্ত থাকার অভিযোগে মসজিদ কমিটি তাকে বরখাস্ত করে।
এখন তিনজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে র্যাবকে জানান।
