নছিমন থেকে পড়ে ব্রাক কর্মীর মৃত্যু
ঝালকাঠীর কাঠালিয়া উপজেলায় নছিমন থেকে পড়ে বেসরকারি সংস্থা ব্রাকের এক নারী স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।
নিহত তাসলিমা বেগম (৪০) উপজেলার কৈখালী ইউনিয়নের জমাদ্দারহাট গ্রামের পল্লী চিকিৎসক বাবুল হোসেনের স্ত্রী। ব্রাকের স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার আমুয়া-কাঠালিয়া সড়কে চলন্ত নছিমন থেকে রাস্তায় পড়ে যান তাসলিমা। এ সময় নছিমনের চাকায় তার মাথা পিষ্ট হয়।
স্থানীয় আমুয়া স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান সানি বলেন, তাসলিমাকে ১০টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় । মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।
