২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ মাস পরও আংশিক খুলছে যাত্রাবাড়ী উড়াল সড়ক

নির্ধারিত সময়ের নয় মাসেরও বেশি সময় পার হওয়ার পর আংশিকভাবে খুলছে রাজধানীর পূর্ব প্রান্তের প্রবেশমুখ যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়াল সড়ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 11:24 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

আগামী শুক্রবার এই উড়াল সড়কের কুতুবখালী-নিমতলী অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে সোমবার এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উড়াল সড়ক নির্মাণের কারণে যাত্রাবাড়ী-গুলিস্থান এলাকার বাসিন্দারা ছাড়াও ভোগান্তি পোহাচ্ছেন বৃহত্তর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এবং নারায়ণগঞ্জ, নরসিংদীগামী যাত্রীরা।

উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ বন্ধ হয়ে আছে প্রায় কয়েক বছর ধরে, অন্যদিকে নির্মাণ কাজের ভারী সামগ্রী আনা-নেয়ার জন্য অবশিষ্ট সড়কও বেহাল, যা নিয়ে অসন্তোষ জানিয়ে আসছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও।

উড়াল সড়ক নির্মাণ কাজ তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ঢাকা সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে উড়াল সড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০১০ সালের জুনে। কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো আড়াই বছর।

সে হিসেব কাজ শেষ হওয়ার কথা ২০১২ সালের ডিসেম্বর মাসে। কিন্তু এর ৯ মাস অতিরিক্ত সময় পার হয়ে গেলেও কাজ শেষ হয়নি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে প্রকল্প কাজ ও প্রকল্প এলাকার সংযোগ সড়কসমূহ নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় ফ্লাইওভারটি ৭ (সাত) কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট করার পরিকল্পনা করা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে তা প্রায় সাড়ে ১১ কিলোমিটার করা হচ্ছে।

সরেজমিনে সোমবার উড়াল সড়ক নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, উড়াল সড়ক সংলগ্ন সড়কগুলোর বিভিন্ন অংশে গর্ত তৈরি হয়েছে। আর এজন্য অল্পতেই তৈরি হচ্ছে যানজট।

এলাকাবাসী জানায়, একটু বৃষ্টি হলে এলাকার মানুষের ভোগান্তি প্রকট আকার ধারণ করে।

এ এলাকার বাসিন্দা আব্দুল মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এভাবে যে আর কতদিন থাকতে হবে এ প্রশ্নের কোনো উত্তর নেই। ভোগান্তি এখন নিত্য নৈমত্তিক ব্যাপার। কারো কোনো উদ্যোগ নেই, কেউ দায়িত্ব নিতে চায় না।”

টিকাটুলি এলাকার রাজধানী সুপার মার্কেট এলাকা দিয়ে ঢুকতেই চোখে পড়বে রাস্তায় বড় বড় গর্ত আর কাদা। বৃষ্টি হলে এই সড়কটি দিয়ে হাঁটাচলার মতো অবস্থা থাকে না বলে জানালেন এলাকার কয়েকজন বাসিন্দা।

একটু সামনে গেলে স্বামীবাগ রোডের পাশে রায় সাহেব বাজার কবরস্থানের সামনের রাস্তার একটি বড় অংশ দীর্ঘদিন বন্ধ হয়ে আছে উড়াল সড়কটি নির্মাণ কাজের জন্য।

এর একটু সামনেই স্বামীবাগ রেল গেইট। ট্রেন যাওয়া-আসার সিগন্যাল পড়লে এ এলাকায় দীর্ঘ যানজট এখন নিত্য নৈমত্তিক ঘটনা।

রেলগেটের পাশে দীর্ঘদিন চায়ের দোকান চালিয়ে আসছেন আব্দুল মকসুদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একবার সিগন্যাল পড়লে যে জ্যাম তৈরি হয় তা সরতে সরতে আরেকটি সিগন্যাল পড়ে যায়। মানুষের ভোগান্তি দিনে দিনে বাড়ছে।”

এ এলাকায় কথায় হয় মাসুদুর রহমানের সাথে। তিনি বলেন, “এতো গুরুত্বপূর্ণ একটি সড়ক এভাবে চলবে কেন? চট্রগ্রাম ও সিলেট যাওয়ার গেটওয়ে হল এ সড়ক অথচ কত অবহেলায় পরে রয়েছে।”

রেলগেট পার হলেই সায়েদাবাদ টার্মিনাল। এখানেও চোখে পড়ে একি চিত্র।

নির্মাণ এলাকা ঘুরে দেখা যায়, গুলিস্তান থেকে টিকাটুলী ও সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত উড়াল সড়কের পিলার নির্মাণ ও সুপার স্ট্রাকচার প্রায় শেষ পর্যায়ে।

রাজধানী মার্কেটের পূর্ব-দক্ষিণ কোণে সুপার স্ট্রাকচার নির্মাণের কাজ চলছে। গুলিস্তান ও টিকাটুলী থেকে ফ্লাইওভারে ওঠানামার জন্য দুটি র‌্যাম্প তৈরির কাজও শেষ পর্যায়ে। যাত্রাবাড়ী মাছের আড়তের সামনে কুতুবখালী থেকে ফ্লাইওভারে ওঠা-নামার জন্য রাস্তা এবং সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় কয়েকটি পিলার নির্মাণের কাজ চলছে।

অন্যদিকে গুলিস্তান-কাপ্তানবাজার চৌরাস্তা থেকে পশ্চিম দিকে ফুলবাড়ীয়া হয়ে চাঁনখারপুল পর্যন্ত প্রকল্প এলাকায় ফ্লাইওভারের জন্য পিলার নির্মাণ করা হলেও সুপার স্ট্রাকচারের কাজ তেমন একটা চোখে পড়েনি। র‌্যাম্প ও নির্মাণ শুরুই হয়নি।

গুলিস্তান, রাজধানী মার্কেটের বিপরীতে দয়াগঞ্জ সড়ক ও যাত্রাবাড়ীতে আরো কয়েকটি র‌্যাম্পের কাজ এখনো চলছে। ওই এলাকায় পিলার নির্মাণও শেষ হয়নি।

সিটি কপোরেশনের হিসাব মতে, ২০১০ সালের জুলাইয়ে ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সঙ্গে নির্মাণ চুক্তি করে কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান বেলহাসা-একম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড।

চুক্তি অনুযায়ী সিমপ্লেক্সকে ফ্লাইওভার নির্মাণের জন্য ৭৮৮ কোটি ৯০ হাজার ৩৮১ টাকা প্রদান করার কথা রয়েছে ওরিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেলহাসা-একম এর।