মাগুরায় গ্রাহকের টাকা নিয়ে উধাও ‘এনজিও’ কর্মকর্তা
মাগুরা থেকে গ্রাহকদের প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) নামে একটি ভুয়া এনজিওর কর্মকর্তারা।
সমাজসেবা অধিদপ্তর ও মাইক্রোক্রেডিট অথরিটির কোনো অনুমোদন ছাড়া একমাস আগে শহরের পুলিশ লাইন পাড়ায় একটি ভাড়া বাসায় কার্যক্রম শুরু করে এনজিওটি।
গ্রাহকরা জানান, এ সময় তারা ২ হাজার ৩শ’ টাকা জমা দিলে এক সপ্তাহের মধ্যে ২০ হাজার টাকা হারে ঋণ দেয়ার প্রলোভন দেখায়। এই হারে সঞ্চয়ের টাকা জমা দিলে এক পর্যায়ে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়ারও ঘোষণা দেয়।
এ জন্য তারা স্থানীয় ৫ জনকে মাঠকর্মী হিসেবে নিয়োগও দেয়।
এ কর্মীদের ৮ হাজার টাকা করে মাসিক বেতন দেয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ৮ হাজার টাকা করে জামানতও নেয়।
কর্মীরা শহরতলীর বিভিন্ন এলাকায় ঘুরে সহজ শর্তে ঋণ গ্রহণের জন্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা বলেন।
প্রলোভনে পড়ে প্রতারিতরা আশিক ও হাবিব নামে কথিত দুই কর্মকর্তার সঙ্গে অফিসে গিয়ে দেখা করে সঞ্চয়ের টাকা জমা দেন। এভাবে শহর ও শহরতলির বিভিন্ন এলাকার প্রায় এক হাজার গ্রাহক ২ হাজার ৩শ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা দেয় এবং কথিত এনজিওর চাহিদা মোতাবেক ভোটার আইডি কার্ড, ও জামানত হিসেবে ব্যাংকের চেকসহ নির্ধারিত ফরম পূরণ করে লোনের আবেদন করেন।
রোববার এ গ্রাহকদের ঋণের টাকা দেয়ার নির্ধারিত দিন ছিল। সকালে গ্রাহকরা অফিসে গিয়ে তালাবন্ধ দেখতে পান। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন বৃহস্পতিবারের পর তারা আর অফিসে আসেনি।
বাড়ির মালিক জুলেখা বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে তাদেরকে তিনি অফিসে দেখেছেন। এরপর দেখেননি।
তিনি বলেন, “একমাস আগে বিনা জামানতে কথিত এনজিওকে বাসা ভাড়া দেন। এ সময় তারা তাদের একজনের বাড়ি যশোর ও অপরজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর বলে পরিচয় দেয়।
তারা বাসা ভাড়া না দিয়ে চলে গেছে বলে জানান তিনি।
শহরতলীর সিতারামপুর এলাকার দুখু মিয়া ২ লাখ টাকা ঋণ নিতে ২০ হাজার টাকা জমা দিয়েছিলেন বলে জানান।
এছাড়া একই অবস্থা শহরের দরি মাগুরা এলাকার মাফিয়া বেগম, বাটিকা ডাঙ্গার পুতুল রানী, শিখা রানী, শিউলী, নতুন বাজারের ব্যবসায়ী সুধাময় দত্ত, তুহিন হোসেনসহ একাধিক গ্রাহকের।
বিডিএস এর মাঠকর্মী সাবিনা আক্তার বলেন, বিডিএসের কর্মকর্তা পরিচয়ে আশিক ও হাবিব তার কাছ থেকে ৮ হাজার টাকা জামানত নিয়ে মাঠ কর্মী হিসেবে ৮ হাজার টাকা বেতনে নিয়োগ দেয়। একইভাবে তার মত আরো ৪জনকে নিয়োগ দেয়া হয়।
কিন্তু তাদের এক মাসের বেতন না দিয়ে জামানতের টাকাসহ প্রতারকরা রাতের আঁধারে পালিয়ে গেছে। এখন গ্রাহকরা তাদের এসে ধরছে।
মাগুরা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ রফিকুল ইসলাম জানান, বিডিএস নামে কোনো এনজিওর মাগুরা সমাজ সেবার রেজিস্ট্রেশন নেই। তাদের কার্যক্রম সম্পর্কেও তারা জানেন না।
