পাবিপ্রবি প্রক্টর ৫ ঘণ্টা অবরুদ্ধ
পূর্ব ঘোষণা ছাড়া পরীক্ষা বন্ধ করায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রক্টরসহ কয়েকজন শিক্ষককে সাড়ে পাঁচঘণ্টা অবরুদ্ধ রেখেছেন।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ৩য় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা ছিল। এতে কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এরপর বিক্ষুব্ধ শিক্ষকরা পরীক্ষার হলে উপস্থিত শিক্ষার্থীদের উত্তীর্ণ করানোর দাবিতে অবরোধ করেন। পরে তাদের দাবি মেনে নেয়ায় সাড়ে ৮টায় অবরোধ প্রত্যাহার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর রাহিদুল ইসলাম রাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টায় আটটি বিভাগের ৩য় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল।
সে অনুযায়ী শিক্ষকরা নির্ধারিত নিজ নিজ পরীক্ষা হলে খাতা ও প্রশ্ন নিয়ে হাজির হন।
কিছু শিক্ষাথী পরীক্ষা হলে উপস্থিত হলেও কিছু শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
এক পর্যায়ে কয়েকটি পরীক্ষা হলে শিক্ষার্থীদের মধ্যে খাতা বিতরণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন বন্টন করতে বাধা দেয়া হয়।
খবরটি শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা উপ পরীক্ষা নিয়ন্ত্রক সোহরাব হোসেন, প্রক্টর কামরুজ্জামান, গণিত বিভাগের চেয়ারম্যান রাশেদ কবিরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন।
এ খবর পেয়ে উপাচার্য ড. মোজাফ্ফর হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ।
এ ব্যাপারে প্রক্টর কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “শিক্ষকদের দাবির সঙ্গে আমরাও একমত। তবে কেন তারা আমাদের অবরুদ্ধ করে রেখেছেন বিষয়টি বোধগম্য নয়।”
ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ইব্রাহীম মোল্লা জানান, “বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের সঙ্গে তামাশা শুরু করেছে। পরীক্ষা বন্ধ করে দেয়ার বিষয়টি আমাদের আগেই জানানো উচিত ছিল। আমরা প্রশ্নপ্রত্র দিতে চেয়েছি, তারা আমাদের প্রশ্নপ্রত্র দেয়নি। তাই আমরা পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষ অবরোধ করেছি।”
পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় ঠিক হয় যারা উপস্থিত ছিল পরে তাদের আবার পরীক্ষা দিতে দেয়া হবে বিশেষ ব্যবস্থায়। কিন্তু অনুপস্থিতদের সে সুযোগ দেয়া হবে না।
