রাবিতে ভর্তি: প্রতি আসনে ৪৩ প্রতিযোগী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবে ৪৩ জন শিক্ষার্থী।
আটটি অনুষদের আটটি ইউনিটে ৪৭টি বিভাগে তিন হাজার ৯৭৩ আসন রয়েছে। এর বিপরীতে আবেদন জমা পড়েছে এক লাখ ৬৯ হাজার ২২৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-নিবন্ধক এইচএম আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ১৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ সেকেন্ড পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হয়।
আটটি ইউনিটের মধ্য এবার ‘এ’ ইউনিটের জন্য ২১ হাজার ১৬৮, ‘বি’ ইউনিটের জন্য ২০ হাজার ৫৮৭, ‘সি’ ইউনিটের জন্য ২৩ হাজার ৩২৯, ‘ডি’ ২৭ হাজার ৫৫৫, ‘ই’ ইউনিটের জন্য ৩০ হাজার ২৭৪, ‘এফ’ ইউনিটের জন্য ১৫ হাজার ৯৯৯, ‘জি’ ইউনিটের জন্য ৯ হাজার ১৩৫, ‘এইচ’ ইউনিটের জন্য ২০ হাজার ১৭৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
তিনি আরো বলেন, এবার ৩১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ১৬ টি ইউনিটে দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছিল।
