ছিনতাই করতে গিয়ে চবি শিক্ষার্থী গ্রেপ্তার
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।
রোববার রাতে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মিজানুর রহমান শিক্ষা ও গবেষণা বিভাগের এবং সামির উদ্দিন নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সহকারী প্রক্টর আনোয়ার হোসেন।
চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের এক ছাত্র লাইব্রেরি থেকে বের হওয়ার সময় মিজানুর ও সামির তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
“এসময় রিয়াদ দৌড়ে গিয়ে শহীদ মিনার এলাকায় পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করে।”
গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে পরিদর্শক রফিক বলেন, এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
