নয়ন আলীকে নিয়ে ট্রাইব্যুনালে গোয়েন্দা পুলিশ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলার খসড়া রায় ফাঁসের ঘটনা তদন্তে ট্রাইব্যুনাল ভবনে অভিযান চালিয়েছে পুলিশ।
রোববার সকালে এঘটনায় গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতাকর্মী নয়ন আলীকে সঙ্গে নিয়ে ভবনে ঢুকে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে দুপুরে অভিযানে গুরুত্বপুর্ণ কিছু আলামত জব্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায়।
তদন্তের স্বার্থে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতিদের সঙ্গেও কথা হয়েছে বলে জানান তিনি।
দুপুরে ট্রাইব্যুনালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “খসড়া রায়ের অংশ ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় জিডি করার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তদন্ত তদারকি কর্মকর্তা হিসেবে আটক নয়ন আলীকে ট্রাইব্যুনালে নিয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”
গুরুত্বপুর্ণ আলামত জব্দ করার বিষয়টি স্বীকার করলেও কী কী আলামত জব্দ করা হয়েছে তা জানাননি তিনি।
ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের পর্যবেক্ষণ ট্রাইব্যুনালকে পরে অবহিত করা হবে বলেও জানান কৃষ্ণপদ রায়।
এঘটনায় গ্রেপ্তার হওয়া দুজন ছাড়া আর কাউকে সন্দেহ করা হচ্ছে কি না জানতে চাইলে কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, “তদন্তে গ্রহণযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি যৌক্তিক তালিকা তৈরি করা হচ্ছে।”
তবে তদন্তের স্বার্থে তালিকায় কাদের নাম আছে তা প্রকাশ করেননি তিনি।
রায় ফাঁসের ঘটনায় সালাউদ্দিন চৌধুরীর পরিবারের কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টিকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যেতে হলে অনেককেই জিজ্ঞাসাবাদ করতে হবে। কখন কাদের জিজ্ঞাসাবাদ করা হবে তা আপনারা জানতে পারবেন।”
