Published : 06 Oct 2013, 08:16 PM
রোববার দুপুরে রংপুরে তিনি বলেন, তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। দুই নেত্রীর রাহুগ্রাস থেকে মানুষ মুক্তি চায়। দেশের মানুষকে দুই নেত্রীর জিম্মিদশা থেকে উদ্ধার করা জাতীয় পার্টির ঈমানী দায়িত্ব।
মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি বাজারে এক পথসভায় বক্তব্য দেন এ সাবেক রাষ্ট্রপতি।
“জোর করে ক্ষমতায় থাকা যায় না। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই ক্ষমতা থেকে পদত্যাগ করেছিলাম। এখন নির্বাচন করেই ক্ষমতায় যেতে চাই,” বলেন এই সাবেক সেনা শাসক।
আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখেনি। ক্ষমতায় গিয়ে জাতীয় পার্টিকে মূল্যায়ন করেনি বলে তিনি অভিযোগ করেন।
সব দলের অংশগ্রহণ ছাড়া তার দল নির্বাচনে যাবে না।
জাতীয় পার্টি আর কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না উল্লেখ করে এরশাদ বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে প্রার্থী দেবে।
ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
পথসভায় অন্যান্যের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মসিউর রহমান রাঙা, মিঠাপুকুর উপজেলা সভাপতি এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর মহানগর সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী বক্তব্য দেন।