১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সহজে হোয়াটসঅ্যাপ ইউজারনেইম বুকিংয়ের উপায় জেনে নিন

বন্ধু-বান্ধব, পরিবার বা হোয়াটসঅ্যাপের বড় কমিউনিটির কাছে নিজের পরিচয় কেমন হবে তা নিশ্চিত করতে এরইমধ্যে মানুষের মধ্যে পছন্দের নাম বেছে নেওয়ার তাগিদ শুরু হয়েছে।

সহজে হোয়াটসঅ্যাপ ইউজারনেইম বুকিংয়ের উপায় জেনে নিন
ইউজারনেইম বুকিং বা রিজার্ভ করার প্রক্রিয়াটি এরইমধ্যে শুরু হয়েছে। ছবি: এআই

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 10:12 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

ফোন নম্বর ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ- এটা পুরোনো খবর। নতুন প্রশ্ন হচ্ছে, অ্যাপটিতে নিজের পছন্দসই ইউজারনেইম মিলবে কী করে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এখনও সবার জন্য চালু না হলেও আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে সবার কাছে পৌঁছে যাবে ফিচারটি।

ইউজারনেইম বুকিং বা রিজার্ভ করার প্রক্রিয়াটি এরইমধ্যে শুরু হয়েছে। বন্ধু-বান্ধব, পরিবার বা হোয়াটসঅ্যাপের বড় কমিউনিটির কাছে নিজের পরিচয় কেমন হবে তা নিশ্চিত করতে এরইমধ্যে মানুষের মধ্যে পছন্দের নাম বেছে নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

ব্যবহারকারীরা যদি অন্যান্য সামাজিক মাধ্যমের মতো একই নাম হোয়াটসঅ্যাপেও রাখতে চান তবে দ্রুত পদক্ষেপ নিতে হবে। নিজের পছন্দের হোয়াটসঅ্যাপ ইউজারনেইমটি নিশ্চিত করতে যা যা জানা প্রয়োজন তােএবার দেখে নিন–

যেভাবে ইউজারনেইম বুকিং করবেন

আপাতত ইউজারনেইম বুকিংয়ের সুবিধাটি কেবল হোয়াটসঅ্যাপের মোবাইল সংস্করণেই পাওয়া যাচ্ছে। ব্যবহারকারী যদি নিজের অ্যাপটি আপডেটেড রাখেন তবে অ্যাকাউন্টের জন্য ফিচারটি চালু হওয়া মাত্রই নোটিফিকেশন পাবেন। আর যদি মনে হয় নোটিফিকেশনটি খেয়াল করেননি বা নিজেই সরাসরি অপশনটিতে যেতে চান তবে নিচের ধাপগুলো জেনে নিন–

আইফোন ব্যবহারকারীদের জন্য

  • প্রথমে হোয়াটসঅ্যাপের ‘ইউ’ বাটনে ট্যাপ করুন। এরপর নিজের প্রোফাইলে ট্যাপ করুন।
  • এখান থেকে ‘ক্রিয়েট ইউজারনেইম’ বা ‘রিজার্ভ ইউজারনেইম’ অপশনটি বেছে নিন। ফিচারটি চালুর ধাপ অনুসারে অপশনের নাম ভিন্ন হতে পারে। এরপর ‘সেইভ’ ও তারপর ‘ডান’-এ ট্যাপ করুন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য

  • হোয়াটসঅ্যাপের ওপরের ডানদিকের ‘থ্রি-ডট’ মেনুতে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস’-এ গিয়ে নিজের ‘প্রোফাইল’-এ ট্যাপ করুন।  ‘ক্রিয়েট ইউজারনেইম’ বা ‘রিজার্ভ ইউজারনেইম’ অপশনটি বেছে নিন।
  • এখানেও আপনার অ্যাকাউন্টে যেভাবে ফিচারটি এসেছে সেই অনুসারে অপশন দেখাবে। প্রথমে ‘সেইভ’ ও তারপর ‘ডান’-এ ট্যাপ করুন।

ইউজারনেইমের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ

অন্যান্য সামাজিক মাধ্যমের মতোই আপনার হোয়াটসঅ্যাপ ইউজারনেইমটিও অনন্য বা ইউনিক হতে হবে। আপনি নিজেকে ‘গ্লিটারকুইনফরএভার’ নামে পরিচিত করতে যতই পছন্দ করুন না কেন অন্য কেউ যদি নামটি আগে বুক করে নেন তবে আপনাকে বিকল্প কোনো নাম খুঁজে নিতে হবে।

এরইমধ্যে বুকড হয়ে যাওয়া কোনো নাম ফিরে পাওয়ার একমাত্র সুযোগ তখনই থাকবে যদি সেই ব্যক্তি নিজের ইউজারনেইমটি পরিবর্তন করেন। কেউ তার বুক করা নাম পরিবর্তন বা ডিলিট করে দিলে ঠিক ১৪ দিন পর নামটি আবার অন্য সবার ব্যবহারের জন্য উন্মুক্ত হয়ে যাবে।

মেটা এখনও স্পষ্ট করেনি একজন ব্যক্তি কতবার তার ইউজারনেইম পরিবর্তন করতে পারবেন। তবে একটা নির্দিষ্ট সীমা সম্ভবত থাকবে।

উপরের মেনুগুলোতে যাওয়ার পর আপনি যদি একদম নতুন কোনো আইডি তৈরি করতে না চান তবে নিজের ফেইসবুক বা ইনস্টাগ্রামের ইউজারনেইমটিই এখানে ব্যবহারের একটি অপশন পাবেন।

অন্য কেউ যদি সেই নামটি আগেই বুক করে না থাকে তবে আপনি তা নিজের জন্য নিতে পারবেন। তবে ইউজারনেইম ব্যবহারের মূল উদ্দেশ্য যদি হয় আপনার প্রাইভেসি রক্ষা করা তাহলে হোয়াটসঅ্যাপের জন্য সম্পূর্ণ নতুন ও মৌলিক নাম বেছে নেওয়াই ভালো।

ব্যবহারিক নিয়মের কথা বলতে গেলে একটি ইউজারনেইম অবশ্যই ৩ থেকে ৩৫টি ক্যারেক্টার বা অক্ষরের মধ্যে হতে হবে। এতে ছোট হাতের অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ফুলস্টপ ব্যবহার করা যাবে।

কেবল সংখ্যা দিয়ে কোনো ইউজারনেইম তৈরি করা যাবে না এবং মেটার মাধ্যমে ‘নিষিদ্ধ বা সংবেদনশীল শব্দ ও বাক্যাংশ’ ইউজারনেইম হিসেবে ব্যবহারের অনুমতি মিলবে না।

প্রতারণা এড়াতে সাধারণ বুদ্ধি ব্যবহার করুন

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো ব্যক্তিটি আপনার পরিচিত কেউ কি না তা নিশ্চিত করতে মেটা কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে।

যেমন, কেউ যখন প্রথমবার নিজের ইউজারনেইম ব্যবহার করে যোগাযোগের চেষ্টা করবে তখন ‘অথরাইজেশন কি’ বা অনুমোদন কোডের প্রয়োজন হবে। তবে উদ্বেগ রয়েই যাচ্ছে, ভেরিফাইড বা যাচাইকৃত ছাড়া সাধারণ নামের বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ নিয়ে স্ক্যামাররা অন্যদের বোকা বানাতে পারে।

মেটা যে কাউকে হুট করে বিয়ন্সে বা টিম কুকের মতো ব্যক্তিদের নাম ব্যবহারের অনুমতি দেবে না। তবে কেউ ছদ্মনাম বা নকল পরিচয় ব্যবহার করলে তা কীভাবে যাচাই করা হবে সে বিষয়ে কোম্পানিটি এখনও স্পষ্ট করে কিছু বলেনি।

এদিকে ভারতে এ বৈশ্বিক ফিচারটি চালুর বিষয়ে মেটাকে বাঁধার মুখে পড়তে হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, যতক্ষণ না কোম্পানিটি এ ফিচারের প্রয়োজনীয়তা ও এর ফলে বাড়তে থাকা জালিয়াতির ঝুঁকি কীভাবে ঠেকানো হবে সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিতে পারছে না ততদিন পর্যন্ত মেটাকে এ ফিচারটির চালু সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছে ভারত সরকার।

৫০ কোটিরও বেশি ব্যবহারকারী নিয়ে ভারতই হচ্ছে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার।

আরও পড়ুন…

হোয়াটসঅ্যাপ এবার ফোন নম্বর ছাড়াইবেছে নিন ইউজারনেইম