২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুর্ঘটনায় তথ্য প্রযুক্তিবিদ নিহত

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ে বাস-ট্রাক সংঘর্ষে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান টেকভ্যালি নেটওয়ার্ক লিমিটেডের (টিভিএনএল) এক সাবেক সহকারী মহাব্যবস্থাপকের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 07:46 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার দুপুরে এ দুর্ঘটনায় মৃত খন্দকার আজিজ উদ্দিন মাহমুদ (৩৫) লক্ষীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ওই বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উথলী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নড়াইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বিআরটিসি এসি বাস বেলা ২টার দিকে উথলী এলাকায় বিপরীতমুখী ট্রাককে ধাক্কা দেয়।

এতে বাসের ছয় যাত্রী আহত হন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ওসি আজাদ আরো জানান, ট্রাকটি পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা হয়েছে।

উথলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা সিদ্দিকা জানান, আজিজ উদ্দিনের মৃতদেহ উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।