সিলেটে জলাবদ্ধতায় দুর্ভোগ
টানা বৃষ্টিতে সিলেট মহানগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্ষার দুর্ভোগের পর এবার শরতের বৃষ্টিতে জলজটে নাকাল নগরবাসী।
সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় নগরীর অন্তত ৫০টি পয়েন্টে পানি জমে গেছে।
রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
নগরীর ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ায়, ছড়া ও খালগুলো দখলমুক্ত ও সংস্কার না হওয়ায় ভরা বর্ষায় দুর্ভোগের পর আরেকদফা বিপাকে পড়েছে নগরবাসী।
নগরীর পানি নিষ্কাশনের অন্যতম উৎস বিভিন্ন ছড়া ও খাল ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টিতে নগরীর উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, মাছিমপুর, তালতলা, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার, ভাতালিয়া, বিলপার, সুবিদবাজার, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাঘবাড়ি, কুয়ারপার, চারাদিঘীরপাড়, রায়নগর, রায়হোসেন, হাওয়াপাড়া, কলবাখানি, যতরপুর, তালতলা, কুয়ারপাড়, বিলপাড়, কাজলশাহ্সহ নগরীর অন্তত ৫০টি এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।
কোথাও কোথাও কোমর সমান পানি জমেছে। এছাড়া কোনো কোনো জায়গায় অনেক বাসা বাড়িতে পানি উঠেছে।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হয় স্কুলগামী শিক্ষার্থীসহ জনসাধারণকে।
সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পানি ভেঙ্গে মানুষজন চলাচল করছে।
নগরীর উপশহর এলাকার বাসিন্দা সুবিন আহমদ চৌধুরী বলেন, ছড়া উদ্ধার বা জলাবদ্ধতা নিরসনে কাজ হয়। কিন্তু তা মানুষের কোনো কাজে আসে না। পুরো বর্ষা মৌসুমই জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াতে হয়েছে। এখন আবার জলাবদ্ধতা।
নগরীর ছড়া সংস্কারের জন্য ১১ কোটি টাকার প্রকল্পের কাজ প্রায় শেষ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বর্তমানে ড্রেন নির্মাণে আরো প্রায় ২০ কোটি টাকার কাজ চলছে। তবু দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী।
পানি নিষ্কাশনের অন্যতম মাধ্যম হিসেবে সিলেট নগরীর ভেতর দিয়ে বয়ে গেছে ছোট বড় ১২টি ছড়া ও খাল।
এগুলোর মধ্যে রয়েছে ধুবড়িছড়া, গুয়ালিছড়া, মালনীছড়া, ভূবিছড়া, বারুতখানাছড়া, মির্জাজাঙ্গালছড়া, কেওয়াছড়া, বৈঠাছড়া, গাভিয়াল খাল, রত্মারখাল।
এ সকল ছড়া দিয়ে বর্ষা মৌসুমে এক সময় বড় বড় নৌকা চলত। মানুষ যাতায়াত করত দূর-দূরান্তে। কিন্তু এখন ছড়াগুলোর অস্তিত্ব কেবলমাত্র সিটি কর্পোরেশনের মানচিত্রে।
ছড়াগুলো এখন সংকীর্ণ হয়ে পড়েছে। অনেক স্থানে ছড়া ও খালের কোনো অস্তিত্বই নেই। ছড়া ও খালের উভয় পাশ ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। অনেকে আবার পুরো ছড়া ভরাট করেই দালান নির্মাণ করেছে।
ছড়া ও খাল দখলমুক্ত এবং জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর ছড়া সংস্কারের জন্য ১১ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হয়েছে। এখন ড্রেন নির্মাণের কাজ চলছে।
তিনি বলেন, নগরীর ৫৬৮ কিলোমিটার সড়কের মধ্যে ড্রেন আছে ৪৭৫ কিলোমিটার। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাকি সড়কে ড্রেন নির্মাণের কাজ চলছে।
এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা কমে আসবে বলে মন্তব্য করেন তিনি।
