নারায়ণগঞ্জে শিবির-পুলিশ পাল্টা পাল্টি ধাওয়া
নারায়ণগঞ্জ শহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
রোববার দুপুরে ডিআইটি বাণিজ্যিক এলাকায় এ ঘটনায় আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ এক শিবিরকর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে বেলা ১২টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় শিবিরকর্মীরা সড়কে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অর্ধশতাধিক শটগানের গুলি ছোড়ে।
এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মতিন নামে এক শিবিরকর্মীকে আটক করা হয়েছে।
তাকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আটক রাখা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি মঞ্জুর কাদের।
