ফরিদপুরে ২ কারারক্ষী অস্ত্রসহ গ্রেপ্তার
ফরিদপুর জেলা কারাগারের দুই রক্ষীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তাররা হলেন মিজানুর রহমান (২৮) ও আশরাফুল ইসলাম (২৪)।
মিজানুর গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং আশরাফুল বগুড়ার শালিখা গ্রামের রেজাউল করিমের ছেলে।
এ দুজন জেলা কারাগারে কর্মরত বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।
র্যাব-৮ এর এএসপি সুমন দেব জানান, পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিনসহ ওই দুই কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারাগারে দায়িত্ব পালনকালে এদের সঙ্গে কোনো অস্ত্র বিক্রেতার পরিচয় হয়। এরপর থেকে তারা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
র্যাব কর্মকর্তা আরো জানান, র্যাব হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় র্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবে।
জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা ছাড়াও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
