মন্ত্রীর জন্য রাস্তায় দাঁড়ালো ছাত্রীরা, একজন অসুস্থ
থানা উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে খুলনায় একটি বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীকে দুই ঘণ্টারও বেশি সময় রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
এ সময় এক ছাত্রী অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
শনিবার নগরীর বয়রায় পুলিশ লাইনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আরমগীর নতুন তিনটি থানার উদ্বোধন করেন।
অসুস্থ পুলিশ লাইন স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ঝুমাকে প্রাথমিক শুশ্রূষা শেষে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন থানার উদ্বোধন উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত অর্ধশতাধিক ছাত্রীকে তপ্ত আবহাওয়ার মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় ঝুমা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যায়।
পরে তার চোখে-মুখে পানি দিয়ে সুস্থ হয়ে ওঠার পর বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
সোয়া দুই ঘণ্টা একটানা দাঁড়ি করিয়ে রাখায় ছাত্রীদের দুর্ভোগে অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে পুলিশ লাইন স্কুলের গণিত বিভাগের শিক্ষক এস এম ইকবাল বলেন, ঝুমা নামের ছাত্রীটি সকালে না খেয়ে স্কুলে এসেছিল। মন্ত্রীকে স্বাগত জানাতে অন্য ছাত্রীদের সঙ্গে সেও দাঁড়ায়। এক পর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে।
স্কুলের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলাম জানান, না খেয়ে আসার কারণে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর খুলনা মেট্রোপলিটন এলাকার নবগঠিত তিনটি থানার উদ্বোধন করেন। এগুলো হল লবণচরা, হরিণটানা ও আড়ংঘাটা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব ফেডারেশনের চেয়ারপারসন ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।
