বেনাপোলে ২ টন ইলিশ জব্দ
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুইটন ইলিশ জব্দ করেছে বিজিবি।
শনিবার ভোরে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে রপ্তানি নিষিদ্ধ এ মাছগুলো আটক করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এ কে এম রায়হান হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরের দিকে শিকারপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলীর নেতৃতে একটি টহল দল বেনাপোলের সাদীপুর সীমান্তে অভিযান চালায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় চোরা কারবারিরা কয়েকটি মাছের ঝুড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঝুড়ি থেকে ২ হাজার ৮০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।
বিজিবি কর্মকর্তা বলেন, “আটক মাছের মূল্য প্রায় ৬২ লাখ ৪০ হাজার টাকা।”
মাছগুলো বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
