২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়াইগ্রামে যুবদল নেতা খুন, শনিবার হরতাল

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 10:31 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মেরিগাছা বাজারে এ হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ বিএনপিকর্মী আহত হন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার প্রতিবাদে শনিবার বড়াইগ্রাম উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

নিহত আবুল বাশার মাস্টার (৩৩) উপজেলা যুবদলের সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন, বাশার ১০/১২ জন কর্মীসমর্থকসহ মেরিগাছা উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় একদল যুবক সমর্থক তাদের উপর হামলা চালায়।

হামলায় আবুল বাশার মাস্টার (৪৫), সেলিম হোসেন (২৫), জিন্নাহ আলী (৩০), বাবলু হোসেন (৩৫) মোস্তফা আলী (৩০) ও তাজুল ইসলাম (২৯) গুলিবৃদ্ধ হন। পরে হামলাকারীরা আহত বাশার মাস্টারের পায়ের রগও কেটে দিয়ে চলে যায়।

নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল বাশার মাস্টার ২০১১ সালে নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর চাচা।

২০১১ সালে ৮ অক্টোবর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরশহরে সানাউল্লাহ নূর বাবুকে দুর্বৃত্তরা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক ওই ঘটনার পরপরই শনিবার (৫ অক্টোবর) বড়াইগ্রাম উপজেলায় সকাল সন্ধা হরতালের ঘোষণা দেন।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার নাহিদ হোসেন বলেন, এটা রাজনৈতিক হত্যাকাণা নয়। ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে। আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।