ব্রাহ্মণবাড়িয়ায় দুই দুর্ঘটনায় আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি সড়ক দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. বায়েজিদ জানান, দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উজানিসার এলাকায় কৃষক সমবায় সমিতির সামনে কুমিল্লাগামী বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, একই সময়ে উজানিসার ব্রিজ এলাকায় একটি স্কুল মাইক্রোবাসের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।
তাদের কসবা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বাস ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে, বলেন ইন্সপেক্টর বায়েজিদ।
