সামাজিক সুরক্ষা প্রকল্পে বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তা
বাংলাদেশে একটি সামাজিক সুরক্ষা প্রকল্পে ৫০ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক, যার আওতায় চার লাখের মতো মানুষ উপকার পাবে।
শুক্রবার রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ ও বিশ্ব ব্যাংকের বাংলাদেশ দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান ক্রিস্ট্রিন ই কিমস এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, এই ঋণে শূন্য দশমিক ৭৫ শতাংশ সুদ দিতে হবে। ঋণ শোধ করা যাবে ৪০ বছরে। এর মধ্যে প্রথম ১০ বছর কোনো সুদ দিতে হবে না।
সেফটি নেট সিস্টেমস ফর দ্য পুওরেস্ট (এসএনএসপি) নামের এই প্রকল্প থেকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো যথাযথভাবে পরিচালনার জন্য সহায়তা দেয়া হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশের দারিদ্র্যদের পরিসংখ্যান রাখতে একটি তথ্যভাণ্ডার তৈরি করা হবে। আর এই তথ্যভাণ্ডার তৈরিতে পরিসংখ্যান ও তথ্য অধিদপ্তরকে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
