২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সাংবাদিককে মারধর

ট্রাক শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে টাঙ্গাইল শহরে এক সাংবাদিকেকে মারধর করেছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

টেক্সটাইল ইনস্টিটিউটের কাছে এ হামলায় আহত কামনাশীষ শেখর টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং প্রেসক্লাবের সহসভাপতি। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় শেখরের ভাতিজা সুদীপ্ত সাহা সম্পদ ও গাড়িচালক মেরাজুল ইসলামও আহত হন।

মেরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সকালে তিনি প্রাইভেটকার নিয়ে বাজিতপুর যাচ্ছিলেন। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে ট্রাকচালকের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

ঘটনার খবর পেয়ে কামনাশীষ শেখর ঘটনাস্থলে পৌঁছলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম জানান, শেখর মাথায় বড় ধরনের আঘাত পেয়েছেন। পিঠে এবং মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে, এখন আশঙ্কামুক্ত। পুরোপুরি সুস্থ হতে কয়েকদিন লাগবে।

টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছি। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকরা।

প্রেসক্লাব সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সম্পাদক শামসাদুল আখতার শামীম, জাফর আহমেদ, মহব্বত হোসেন, ইফতেখারুল অনুপম প্রমুখ।

তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সভায় তিনদিনের প্রতিবাদ কর্মসূচি নেয়া হয়। এর মধ্যে রয়েছে প্রতিবাদ সভা, মানববন্ধন, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।