২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অগ্নিদগ্ধ পরিবারের আরো ২ জনের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত সোমবার রাতে গ্যাসের আগুনে দগ্ধ এক পরিবারের পাঁচজনের মধ্যে আরো দুজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 04:41 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

শুক্রবার ভোরে ও দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সুভাষ পালের স্ত্রী রিনা পাল (৪৫) ও মেয়ে রুমকি পাল (১৫)।

এ নিয়ে পরিবারটির তিন সদস্যের মৃত্যু হল। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এ হাসপাতালে সুভাষ চন্দ্র পালের (৫৫) মৃত্যু হয়েছিল।

আরো দুই সদস্য সুভাষ পালের ছেলে রিন্টু পাল (২৮) ও সুমন পাল (১৭) এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে মেয়ে রুমকি এবং দুপুরে মা রিনার মৃত্যু হয়। 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সফিপুর এলাকায় সোমবার গভীর রাতে গ্যাসের আগুনে সুভাষ পালের পরিবারের এ পাঁচ সদস্য দগ্ধ হন।

ওই বাড়ির মালিক আবুল হোসেন জানান, সুভাষ চন্দ্র দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তার বাড়িতে ভাড়া থাকতেন।

সোমবার রাতের রান্নার কাজ শেষে গ্যাসের চুলা খুলে রেখেই ঘুমিয়ে পড়েন তারা। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাসার সবগুলি রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে সুভাষ চন্দ্র ঘুম থেকে উঠে সিগারেট ধরাচ্ছিলেন।

ম্যাচের আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়।

আগুনে সুভাষ পালের ৭০ শতাংশ, স্ত্রী রীনার ৮০ শতাংশ, মেয়ে রুমকির ৯০ শতাংশ পুড়ে যায়। এছাড়া সুমন ও রিন্টুর পুড়েছে শরীরের ২৫ শতাংশ।