২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাগজ চুরি করে প্রকাশ করলেই রায় প্রশ্নবিদ্ধ হয় না’

যুদ্ধাপরাধ মামলার রায়ের খসড়া ‘ফাঁস’ ও ‘কথিত’ স্কাইপ কেলেঙ্কারির সঙ্গে বিএনপি জড়িত বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 04:38 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

কাগজ ‘চুরি করে প্রকাশ করলেই’ রায় প্রশ্নবিদ্ধ হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।  

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলেচনা সভায় তিনি বলেন, স্বাধীনতাবিরোধী চক্রকে বাঁচাতেই বিএনপি-জামায়াত জোট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে চাইছে।

“যারা তাদের সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা উচিৎ।”

গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায়ের দিন তিনি ও তার পরিবার অভিযোগ তোলেন, ওই রায়ের কপি আগের দিনই একটি ওয়েবসাইটে পেয়েছেন তারা।   

বিএনপির পক্ষ থেকেও ওই রায়ের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরপর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসির উদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি সাংবাদিকদের বলেন, রায় ঘোষণার কয়েকদিন আগে খসড়া পর্যায়ে তা ফাঁস হয়ে থাকতে পারে। ট্রাইব্যুনালের কম্পিউটার থেকেই খসড়া ‘লিকড’ হয়েছে।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল কার্যালয়ের ওই কম্পিউটার জব্দ করে সংশ্লিষ্ট কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘নৌকা সমর্থক গোষ্ঠীর’ আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত  বলেন, “দুই পৃষ্ঠা কাগজ চুরি করে তা প্রকাশ করলেই রায় প্রশ্নবিদ্ধ হয় না। যতক্ষণ একজন বিচারক রায় ঘোষণা না করেন, ততোক্ষণ তা রায়ই হয় না। সুতরায় এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।”

যারা একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে তাদের কোনো জনসমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধাপরাধ মামলার রায়কে কলঙ্কিত করতে চাইলে বিএনপিই কলঙ্কিত হবে।