ট্রাক চালকদের অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট
মুন্সীগঞ্জে মেঘনা সেতুর টোলপ্লাজায় এক ট্রাক চালকসহ তার সহকারীদের মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ট্রাক চালকরা।
শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলা অবরোধের কারণে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান সেতুর নিকটবর্তী ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন।
দুপুর সাড়ে ১২টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টায় ট্রাক চালকরা অবরোধ তুলে নেয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু হলেও দীর্ঘ যানজট রয়েছে। মেঘনা সেতুর উভয় পাশে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন রয়েছে। সেতু থেকে সোনারগাঁওয়ের মুগদাপাড়া পর্যন্ত দুই কিলোমিটার এবং গজারিয়া উপজেলার ভাটেরচর পর্যন্ত ৪ কিলোমিটার সড়কে এই জট রয়েছে।
তবে যানজট থাকলেও ধীরগতিতে যানবাহন চলাচল করছে বলে জানান দেলোয়ার।
প্রতিবাদে টোলপ্লাজার কাছাকাছি মহাসড়কের বিভিন্নস্থানে আড়াআড়িভাবে ট্রাক রেখে যান চলাচল বন্ধ করে দেয় চালকরা। সকাল ৮টার দিকে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিচারের আশ্বাস দিলে ট্রাক চালকরা অবরোধ তুলে নেয়।
