বিয়ে উপলক্ষে চাঁদা দাবি, না পেয়ে কুপিয়ে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিয়ে উপলক্ষে চাঁদা দাবি করে না পেয়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা।
নিহত মঞ্জু মিয়া (৩০) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ছোট সোহাগী গ্রামের দুদু মিয়ার ছেলে।
শুক্রবার সকালে ছোট সোহাগী গ্রামে এই হামলার ঘটনায় দুই মহিলাসহ আরো ৫ জন আহত হয়েছেন।
তারা হলেন- রফিকুল ইসলাম (৩২), রোকেয়া বেগম (৫০), শাবানা বেগম (৩০), শরিফুল ইসলাম (২৫) ও নূরুল আলম (৫০)। তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নূরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় সোহাগী ইউনিটি ক্লাবের সদস্য আশরাফুল ইসলাম, মিলন মিয়া, শহিদুল ইসলাম ও আতাউর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল তাদের উপর হামলা করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি ছোট সোহাগী গ্রামের ধলু মিয়ার মেয়ে আলেফা বেগমের (২০) সঙ্গে ঢাকার আব্দুর রাজ্জাক নামে ব্যক্তির বিয়ে হয়। বিয়ে উপলক্ষে ধলু মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ওই ক্লাবের সদস্যরা।
দেলোয়ার হোসেন বলেন, পরে শুক্রবার সকালে আবারো তারা লাঠি ও দেশীয় অস্ত্রসহ বাকী টাকা আদায়ের জন্য ধলু মিয়ার বাড়ী ঘেরাও করে। এক পর্যায়ে তার ভাতিজা শরীফুলকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকে এলোপাতারি কোপায়।
এতে আহত অন্যান্যরাসহ ধলু মিয়ার ভাতিজা মঞ্জু মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
