২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ওসির বিরুদ্ধে চাঁদা দাবির মামলা

চাঁদা দাবি ও মুক্তিপণ আদায়ের অভিযোগে কক্সবাজার জেলার পেকুয়া থানার ওসি ও এসআইসহ নয় জনের বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 09:45 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে মামলাটি করেন লবণ ব্যবসায়ী মো. রুস্তম আলী।

মামলার আসামিরা হলেন দুই পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার ওসি) মো. মঈন উদ্দিন, এসআই মকবুল হোছাইন, মো. জাহাঙ্গীর, এরশাদুল মোস্তফা, নেজাম উদ্দিন মানিক, মো. মোজাম্মেল, নুরুল আফছার, মনজুর আলম এবং নুরুল আজিম।

মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলা গ্রহণ করে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছে। আগামী ২৪ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বাদীর আইনজীবী খালেদ মো. আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রমজানে পেকুয়ার মগনামা বোডিং পাড়া এলাকায় চার-পাঁচ ব্যক্তি নিজেদের ওসি ও এসআই এর লোক পরিচয় দিয়ে বাদীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা না দেয়ায় গত ১১ অগাস্ট নগরীর চান্দগাঁও এলাকা থেকে আসামিরা বাদীকে অপহরণ করে পেকুয়া সদরে নিয়ে এক বাড়িতে আটকে রাখেন।

বাদীর আইনজীবী খালেদ বলেন, অপহরণকারীরা নিজেদের ওসির লোক পরিচয় দেয়। হুমকির মুখে রুস্তম বাধ্য হয়ে চারটি চেক ও নগদে মোট পাঁচ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরদিন ছাড়া পান।