টঙ্গীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, সংঘর্ষে আহত ১০
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে করতে গিয়ে বিআইডব্লিউটিএ কর্মীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ওই সংঘর্ষের পর আরো ৩৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে তা ভেঙে ফেলে স্থানীয় প্রশাসন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশে ওই অভিযানে গেলে দোকান মালিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে অন্তত ১০ জন আহত হন।”
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে তুরাগ তীর সংলগ্ন বাজার এলাকার ৩৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো ভেঙ্গে ফেলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মমিনুর সাংবাদিকদের জানান, হাইকোর্টের একটি রায়ে নদীর সীমানায় স্থাপনা থাকলে সেগুলো উচ্ছেদের জন্য বলা হয়েছে।
“তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতেই এ অভিযান পরিচালিত হচ্ছে, যা চলমান থাকবে।”
অভিযানে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. মমিনুর রশিদ, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো.শাহান শাহ আলম, টঙ্গী থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
