ইট ভাটা আইনে চূড়ান্ত অনুমোদন
বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ইট ভাটা নিয়ন্ত্রণ আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
ইট তৈরিতে পরিবেশ বান্ধব অবস্থা তৈরিসহ বিধি-বিধানকে আধুনিকায়ন করে তৈরি ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩’ এর খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে পাসের জন্য সংসদে উত্থাপিত হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২২ এপ্রিল মন্ত্রিসভা এ আইনের খসড়ার অনুমোদন দিয়েছিল। চূড়ান্ত অনুমোদনে তেমন কোনো পরিবর্তন নেই।
খসড়া অনুমোদনের সময় মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, আইন অমান্য করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে এ আইন করা হচ্ছে।
ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ, ইটভাটা নির্মাণের এলাকা নির্ধারণ ও মাটির ব্যবহার ইত্যাদি নির্দিষ্ট করে আইনের খসড়া তৈরি করা হয়েছে।
আইন পাসের পর ইটভাটায় উর্বর মাটি (টপ সয়েল) ব্যবহার করলে প্রথমবারের জন্য দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ভাটা কর্তৃপক্ষকে দুই থেকে ১০ বছরের জেল এবং দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
অনুমোদন না নিয়ে ইটভাটা খুললে এক বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা; আবাসিক জনসবসতি, সংরক্ষিত এলাকা, বাণিজ্যিক এলাকা, বনভূমি , জলাভূমি ও গুরুত্বপূর্ন স্থাপনার এলাকায় ইটভাটা করলে একই শাস্তির বিধান রাখা হয়েছে আইনের খসড়ায়।
ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করলে তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা, অথবা উভয় শাস্তি হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৮৯ সালের ইট পোড়ানো আইন ১৯৯৩ এবং ২০০১ সালে পরিবর্তন করা হলেও পরিবেশ রক্ষায় আরো উদ্যেগী হতে আইনটি আবার নতুন করে করা হচ্ছে।
আগের আইন পার্বত্য এলাকার জন্য প্রযোজ্য ছিল না। এবার পার্বত্য এলাকাকেও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ আইন কার্যকর হলে আগের আইনটি রহিত হয়ে যাবে বলে সচিব জানান।
