ঈদ-পূজা মিলিয়ে বাসে চাপ বেশি
এবার কোরবানির ঈদ এবং দুর্গাপূজা কাছাকাছি সময়ে হওয়ায় বাসটিকিটের চাহিদা বেশি। এজন্য আগে থেকেই টিকিট কাউন্টারগুলোতে ভিড় দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রোদের মধ্যে গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে মানুষদের অগ্রিম কিনতে দেখা যায়।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে কুড়িগ্রামের টিকিটের জন্য লাইনে দাঁড়ানো মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিবারের সঙ্গে ঈদ করতে না পারলে আসলে ঈদের কোনো আনন্দ নেই। তাই একটু কষ্ট করে হলেও দেশের বাড়িতে যেতে চাই।”
“আগে ভাগে না এলে টিকিট পাওয়া যায় না। তাই সকাল সকালই এসেছি,” বলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের এই কর্মকর্তা।
নাবিল পরিবহনের কাউন্টারে ১৪ অক্টোবরের টিকিট কিনে ব্যাংকার আবু হুসাইন রিফাত বলেন, “সাধারণত বছরে দুই ঈদ ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ হয় না। তাই এ সুযোগ হাতছাড়া করতে চাই না।”
দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে জানানো হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে আগাম টিকিট বিক্রি করছেন তারা।
মিরপুর মাজার রোডের দর্শনা ডিলাক্সের প্রধান কার্যালয়ের একটি কাউন্টারে দুপুরে খুব বেশি ভিড় দেখা যায়নি। কাউন্টারের দায়িত্বে থাকা বাপ্পী বলেন, “সকালে ছিল, এখন ভিড় কমে এসেছে।”
গাবতলীর বালুমাঠ এলাকার হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের দায়িত্বে থাকা মো. রনি জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।
“এ বছর ঈদ ও পূজার ছুটি এক সঙ্গে হওয়ায় অনেকেই ঢাকা ছাড়বেন। চাপ একটু আছে, তবে আগে থেকে প্রস্তুতি থাকায় প্রত্যেকেই টিকিট পাবেন।”
মালিবাগে সোহাগ পরিবহনের অপারেটর ফাহমিদা বলেন, সকালে তার ওখানেও টিকিটের জন্য ভিড় ছিল।
