ঈদে ঠিক সময়েই ট্রেন ছাড়বে, আশা মন্ত্রীর
দেশের মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুটি উৎসব এবার প্রায় একই সময়ে পড়লেও সময়মতো ট্রেন চলাচলে সমস্যা হবে না বলেই আশা করছেন রেলমন্ত্রী মজিবুল হক।
বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশনে অগ্রিম টিকেট বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন আশার কথাই শুনিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, “গত ঈদে ৬০-৭০ শতাংশ শিডিউল বিপর্যয় হয়েছিল, তাই এবার সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।”
শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আযহা সামনে রেখে বুধবার রেলের আগাম টিকেট বিক্রি শুরু হয়।
মন্ত্রী বলেন, “আমাদের ট্রেনের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে সকল মানুষকে ঈদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতে হবে।”
ঈদে ‘স্পেশাল’ সেবা দিতে রেলমন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “যাত্রীদের নির্বিঘ্নে চলাচলে জিআরপি, আরএমপির পাশাপাশি কমলাপুরসহ দেশের বড় বড় স্টেশনে র্যাব, পুলিশ ও বিজিবি যৌথভাবে কাজ করছে।”
টিকেট কালোবাজারি হচ্ছে না এবং আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন।
রেলমন্ত্রী বলেন, “অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও রেল স্টেশন এলাকায় মাদকসেবীদের সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
টিকেট কালোবাজারির সঙ্গে রেলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও মন্ত্রী জানান।
এবার টিকেট নিয়ে কোনো ধরনের ‘কেলেঙ্কারি’ হবে না বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন মজিবুল হক।
সম্প্রতি লঞ্চ ও বাসের চেয়ে ট্রেনের ভাড়া ‘সামান্য’ বাড়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, “এবার ট্রেনে সেবার মান দেখে মানুষ অতিরিক্ত ভাড়ার কথা ভুলে যাবে।”
সংবাদ সম্মেলনের আগে মন্ত্রী কমলাপুরে টিকেট কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো টিকেটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
