২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে ওষুধ বিক্রি বন্ধ, ভোগান্তি চরমে

রাজধানীতে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জেল-জরিমানার প্রতিবাদে সারা দেশে ওষুধ বিক্রি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ডাকে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে এই ধর্মঘট চলছে। রাত ১০টা পর্যন্ত চলবে তাদের কর্মসূচি।

সারা দেশে এভাবে অত্যন্ত জরুরি এ সেবা বন্ধ রেখে ধর্মঘট কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারীগলি, বহদ্দারহাট, জামালখান ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সব দোকান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বৃহত্তর চট্টগ্রামের পাড়া-মহল্লার সব ওষুধের দোকান।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির চট্টগ্রামের সভাপতি সমীর কান্তি শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

সিলেট

সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতাল, স্টেডিয়াম মার্কেট ও চৌহাট্টার সব ওষুধের দোকান বন্ধ রয়েছে। তবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ওষুধের দোকানগুলো খোলা।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সিলেটের সভাপতি মঈনুল হক চৌধুরী জানান, সিলেটে সমিতির তালিকাভুক্ত প্রায় তিন হাজার ওষুধের দোকান রয়েছে, যার সবই বন্ধ রাখা হয়েছে। তবে রোগীরা যাতে জরুরি ওষুধ পায় সেজন্য হাসপাতালগুলোর ভিতরের দোকানগুলো খুলতে বাধা দেয়া হয়নি।

বরিশাল

সকাল থেকেই বরিশালে দোকান বন্ধ রেখে  ধর্মঘট করছেন  ব্যবসায়ীরা।

তবে জরুরি রোগীদের কথা মাথায় রেখে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনে দুটি দোকান খোলা রাখা হয়েছে।

আর নগরীর সদর রোডে অবস্থিত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় থেকে জরুরি রোগীদের জন্য ওষুধ সরবরাহ করা হচ্ছে।

রাজশাহী

সকাল থেকে রাজশাহী নগরীর কোথাও কোনো ওষুধের দোকান খোলেনি।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রাজশাহীর সভাপতি জিয়াউল হক বলেন, রাত ১০টা পর্যন্ত সব দোকান বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে তাদের সমিতির কার্যালয় থেকে ওষুধ দেয়া হচ্ছে। সমিতির একমাত্র কার্যালয়টি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়  অবস্থিত।

রংপুর

রংপুর শহরের মেডিকেল মোড়ে ওষুধের সবচেয়ে বড় মার্কেট বন্ধ। তবে বিভিন্ন ক্লিনিকে যেসব দোকান রয়েছে সেগুলো খোলা রাখা হয়েছে।

আগের দিন রাতেই শহরে মাইকিং করে সকাল থেকে ওষুধের দোকান বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়।

কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির রংপুর জেলার সাধারণ সম্পাদক বলেন, কেন্দ্র থেকে যতক্ষণ ওষুধ বিক্রি বন্ধ রাখার কর্মসূচি দেয়া হবে রংপুরেও ততক্ষণ দোকান বন্ধ থাকবে।

বগুড়া

বগুড়ায় ওষুধের সবচেয়ে বড় বাজার খান মার্কেটসহ কবি নজরুল ইসলাম সড়ক, মেরিনা রোড, কানজগাড়ি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা, মোহাম্মদ আলী (সদর) হাসপাতলের এলাকার দোকানসহ অন্যান্য এলাকার সব দোকান সকাল থেকে বন্ধ রয়েছে।  

বগুড়া জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি রফি নেওয়াজ খান রবিন বলেন, “এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তারা যা সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী এখানেও কর্মসুচি অব্যাহত থাকবে।” 

বগুড়ার অন্যান্য উপজেলায় ওষুধের দোকান বন্ধ রয়েছে।

ধুনট উপজেলা সদরের বাসিন্দা আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার এলাকাসহ আশপাশের অন্য উপজেলাগুলোতেও সকাল থেকে সব ওষুধের দোকান বন্ধ রয়েছে। 

ওষুধের দোকান বন্ধ থাকায় ভোগান্তির শিকার ফেরদৌস আলম জানান, মো. আলী হাসপাতালে তার একজন রোগী ভর্তি রয়েছেন। জরুরি কিছু ওষুধ দরকার হলেও তিনি সংগ্রহ করতে পারছেন না।

“আমার ওষুধগুলো খুব জরুরি দরকার। কিন্তু দোকান বন্ধ থাকায় ওষুধ পাইনি। এখন দেখি কোনো দোকানদারকে অনুরোধ করে ডেকে এনে ওষুধগুলো নিতে পারি কি না।”

ময়মনসিংহ   

ময়মনসিংহে ফার্মেসি এলাকা হিসেবে পরিচিত দূর্গাবাড়িসহ শহরের সব দোকান বন্ধ রয়েছে।

ওষুধ কিনতে না পারা রোগীর স্বজন আলী আহম্মদ বলেন,  হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধের সরবরাহ না থাকায় বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হয়। কিন্তু এ সব দোকান বন্ধ থাকায় ওষুধ কিনতে পারছেন না।

দিনাজপুর

দিনাজপুর জেলা শহরে ওষুধের দোকানগুলো বন্ধ রয়েছে। তবে পাড়া-মহল্লার দোকানগুলোর ফটক বন্ধ রাখলেও জরুরি প্রয়োজনে ক্রেতাদের কাছে ওষুধ বিক্রি করা হচ্ছে।

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জেও ওষুধের সব দোকান বন্ধ রয়েছে। তবে রোগীরা যাতে জরুরি ওষুধ পায় সেজন্য হাসপাতাল ও ক্লিনিকের ভিতরের দোকানগুলো খোলা রাখা হয়েছে।

ফরিদপুর

ফরিদপুর জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন জানান, জেলার নয়টি উপজেলার এক হাজার সাতশ ওষুধের দোকানের সবগুলো বন্ধ রয়েছে।

তবে জরুরি রোগীদের জন্য ফরিদপুর শহরের ডায়াবেটিক ও ইসলামিয়া ব্যাংক কমিউনিটি হাসপাতাল থেকে ওষুধ কেনা যাচ্ছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিরাজুল হক তালুকদার বলেন, জরুরি পরিস্থিতি সামলাতে ফরিদপুর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধ মজুত রয়েছে। ধর্মঘটে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।

নাটোর

নাটোর জেলা শহর ও প্রতিটি উপজেলা শহরে সব ওষুধের দোকান সকাল থেকে বন্ধ রয়েছে।

অনেক রোগী এবং তাদের স্বজনকে ‍ওষুধ কিনতে এসে দোকান বন্ধ দেখে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।

সকাল ৯টায় শহরের নীচাবাজার এলাকার ওষুধ ভান্ডারের সামনে দাঁড়িয়ে থাকা আজগর আলী বলেন, “ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখার বিষয়টি আমার জানা ছিল না। তারা এ ব্যাপারে কোনো প্রচারণাও চালাননি।”

এর বাইরে দেশের বিভিন্ন জেলায় প্রায় সব ওষুধের দোকান বন্ধ রয়েছে।