২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বনের মধ্যে হামলায় স্ত্রী খুন, স্বামী জখম

গাজীপুর সদর উপজেলায় গজারি বনের ভিতরে দুর্বৃত্তের হামলায় এক গৃহবধূ নিহত ও তার স্বামী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর বৈরাগভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় সেলিনা আক্তার (২৮) নিহত এবং তার স্বামী মো. ফরহাদ হোসেন (৩২) আহত হন বলে পুলিশ জানিয়েছে। ফরহাদকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয় বাসিন্দা ফরহাদ  স্ত্রী সেলিনাকে গাজীপুর সদর উপজেলায় চিকিৎসককে দেখিয়ে  রাতে বাড়ি ফিরছিলেন। পায়ে হেঁটে বৈরাগভিটা এলাকার গজারিবনের ভিতর দিয়ে যাওয়ার সময় মুখোশধারী একদল সন্ত্রাসী তাদের গতিরোধ করে।

“ওই দম্পতিকে হাত-পা বেধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। একপর্যায়ে তারা সেলিনার গলা কেটে ফেলে এবং ফরহাদের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের সাথে থাকা একমাত্র শিশু সন্তান সিফাত (৭) পালিয়ে গিয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে। তখন হামলাকারীরা পালিয়ে যায়,” বলেন তিনি।

ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হয়। ।

হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

তবে পূর্ব শত্রুতা বা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই রফিকুল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ছোরা, রশি, জুতা ও ভ্যানিটি ব্যাগ জব্দ করা হয়েছে।

 এ ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো মামলা বা কেউ গ্রেপ্তার হয়নি।