২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ফাঁসের ষড়যন্ত্রে বড় বিনিয়োগ: ট্রাইব্যুনাল

দেশের মানুষকে বোকা বানাতে এবং বিচারপতিদের বিতর্কিত করার চেষ্টার অংশ হিসেবেই সালাউদ্দিন কাদেরের রায় আগেই ফাঁস হওয়ার অভিযোগ তুলে ষড়যন্ত্র সাজানো হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের এক বিচারপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

এর পেছনে ‘বড় ধরনের বিনিয়োগ’ এবং ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছেন তিনি।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সালাহউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের রায় ঘোষণা করা হয়। কিন্তু তার আগেই ইন্টারনেটে ওই রায় পাওয়া গেছে বলে সালাউদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এ বিষয়ে বুধবার দৃষ্টি আকর্ষণ করা হলে ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে। আমাদের বিতর্কিত করার চেষ্টা চলছে। এর পেছনে মস্তবড় বিনিয়োগ ও ষড়যন্ত্র আছে।”

এসময় ট্রাইব্যুনালে-১ এর দেয়া সব রায় ভালোভাবে পড়ে দেখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি না হয় সামান্য একজন বিচারপতি। কিন্তু এই ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ অপর সদস্য বিচারপতিরা তো সামান্য নয়।

“আমাদের চেয়ারম্যান (এটিএম ফজলে কবীর) প্রায় ৩২ বছর ধরে বিচার কাজ পরিচালনা করছেন।”

তিনি বলেন, “আমি সব সময় কোড অব কন্ডাক্ট মেনে চলি। আমাদের তো সব জায়গায় কথা বলা যায় না। আমাদের যা বলার তা ট্রাইব্যুনালে বসেই বলতে হয়।”

চিফ প্রসিকউটর গোলাম আরিফ টিপু সাকা চৌধুরীর রায়ের পর বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য নজরে আনলে বিচারপতি এসব কথা বলেন।

পাশাপাশি প্রসিকিউশনকে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রমাণসহ লিখিত আবেদন করারও নির্দেশ দেন তিনি।

সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের পর সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেন বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার কাজের সঙ্গে সম্পৃক্তদেরও বিচার করা হবে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর সাফাই সাক্ষীর প্রসঙ্গে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “বিচারপতি শামীম হাসনাইন একজন জ্যেষ্ঠ বিচারপতি। তার বিষয়ে আমরা কিভাবে সমন জারি করি। তারপরও আমরা বলেছি, তিনি আসলে সাক্ষ্য গ্রহণ করবো।”

এরপর প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “মঙ্গলবার রায় ঘোষণার আগেই সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী, ছেলে ও আইনজীবীরা রায়ের বাঁধাই কপি নিয়ে সংবাদমাধ্যমে দেখিয়ে বলেছে, রায় আগেই প্রকাশ হয়ে গেছে।”

এ ধরনের প্রচারণা চালানোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এরপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা লিখিত আবেদন করেন, আমরা বিষয়টি দেখবো।”

পরে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, বিচার ও বিচারকদের সম্পর্কে যেভাবে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রচার করা হয়েছে তা যেন আইনের শাসনকে নস্যাৎ করতে না পারে সেজন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিশেষত আইন পেশায় নিয়োজিতরা যেন এ ধরনের বক্তব্য দিতে না পারে সে বিষয়েও ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান তিনি।

পুরনো খবর:

যুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সাকার ফাঁসির আদেশ
রায় আগে প্রকাশের প্রশ্নই ওঠে না: অ্যাটর্নি জেনারেল