৯ যুদ্ধাপরাধ প্রমাণিত
সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ২৩টি অভিযোগের মধ্যে একাত্তরে হত্যা ও গণহত্যাসহ ৯টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।
বিচারপতি একেএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার রায় ঘোষণা করা হবে।
মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর রায়ের ১৭২ পৃষ্ঠার সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়েন বিচারপতি আনোয়ারুল হক।
এ ট্রাইব্যুনালের অপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন ৫১ পৃষ্ঠা থেকে রায়ের দ্বিতীয় অংশ পড়ছেন। রায় পড়া শেষে ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি ফজলে কবীর সাজা ঘোষণা করবেন।
রায়ে বিচারক বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগগুলোর মধ্যে ২ থেকে ৮, ১৭ ও ১৮ নম্বর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এর মধ্যে গণহত্যা, হত্যা, অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে।
১, ১০, ১১, ১২, ১৪, ১৯, ২০ ও ২৩ নম্বর অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি বলে রায়ে উল্লেখ করা হয়।
প্রসিকিউশন শুনানির সময় কোনো সাক্ষী হাজির করতে না পারায় ৯, ১৩, ১৫, ১৬, ২১ ও ২২ নম্বর অভিযোগের বিষয়ে রায়ে কোনো মূল্যায়ন করা হয়নি।
