চট্টগ্রামে স্ত্রী হত্যাকারীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের আদালত।
সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ এর বিচারক মো. শরীফ মোস্তফা করিম এ দণ্ডদেশ দেন।
দণ্ডিত রাশেদুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের মিরসরাই উপজেলার সরকার তালু গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি মামলার পর থেকে পলাতক।
ট্রাইব্যুনালে রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) ভবতোষ নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকরের নির্দেশ দিয়েছে আদালত।
রাশেদুলকে একলাখ টাকা অর্থদণ্ডও করেছে আদালত। আগামী ছয় মাসের মধ্যে এই টাকা আসামির সম্পত্তি থেকে সংগ্রহ করে দেয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।
২০০৯ সালের ১০ অক্টোবর রাশেদুল তার স্ত্রী তাহমিনা সুলতানা ববিকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন।
২০১০ সালের ৩১ জানুয়ারি পুলিশ আদালতে অভিযোগ পত্র জমা দেন এবং একই বছরের ৫ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে।
