২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মাননা পাবেন আরো ৫৭ বিদেশি বন্ধু

একাত্তরে স্বাধীনতাযুদ্ধের দিনগুলোতে বাঙালির পাশে দাঁড়ানো আরো ৫৭ বিদেশি বন্ধুকে সম্মাননা জানাবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 12:28 AM

Updated : 23 Aug 2022, 07:00 PM

মঙ্গলবার সপ্তম ধাপের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এই পর্বে ভারতের সাবেক প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলি আহমেদ এবং প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননায় ভূষিত করা হবে।

পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে ভারতের ৪৩ জন, পাকিস্তানের চারজন, যুক্তরাজ্যের দুইজন, যুক্তরাষ্ট্রের চারজন, জাপান, শ্রীলঙ্কা, মিশর ও তুরস্কের একজন করে নাগরিক রয়েছেন।

ভারতের কন্ঠশিল্পী সুচিত্রা মিত্র, কবি সুভাস মুখোপাধ্যায়, শক্তি চট্টপাধ্যায় ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ পাচ্ছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ২৫ জুলাই ৭১’ এর মুক্তিযুদ্ধের  সময় স্বাধীন বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য বিদেশি নাগরিকদের সম্মাননা দেয়া শুরু করে।

প্রথম পর্বে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধীকে সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ দেয়া হয়।

বিদেশি বন্ধুদের অবদানের স্বীকৃতি দিতে তিন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। অপর দুটি ক্যাটাগরি হচ্ছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’।

ইতোমধ্যে ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লর্ড হ্যারল্ড উইলসনসহ ১৩ জন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ পেয়েছেন।

মঙ্গলবার ভারতের পঞ্চম প্রেসিডেন্ট আলি আহমেদের পক্ষে তার ছেলে পারভেজ আহমেদ ও দেশটির দুইবারের প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ-এর পক্ষে তার ছেলে তেজুস নায়েক পুরস্কার গ্রহণ করবেন।

এছাড়া পকিস্তানি নাগরিক খান আব্দুল ওলি খান, খান আব্দুল গাফফার খান ও মাস্টার খান গুলের পক্ষে তাদের ছেলেরা পুরস্কার নেবেন।

আরেক পাকিস্তানি নাগরিক তারিক রহমান নিজ হাতেই নেবেন সম্মাননা পদক।

গত ১৫ সেপ্টেম্বর সম্মানার প্রদানের জন্য গঠিত জাতীয় কমিটি জানিয়েছিল, তারা ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সপ্তম পর্বের সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।